৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় দূর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত

Published: October 15, 2026, 11:39 pm

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত লুৎফুজ্জামান স্থানীয় আইপিটিভি রূপসী বাংলার প্রতিনিধি ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজে বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রাত আটটার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকান থেকে চা খেয়ে বের হওয়ার সময় লুৎফুজ্জামানের ওপর হামলা হয়। দুই যুবক আকস্মিকভাবে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ভুক্তভোগীর মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।