৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

Published: October 16, 2026, 12:41 pm

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে আবারও কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। খনির ভূগর্ভস্থ নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে এ কয়লা তোলা শুরু হয়। কারিগরি প্রস্তুতি শেষে শুক্রবার সকাল থেকে এই ফেইজে পুরোদমে শুরু হয়েছে উত্তোলন কাজ। এর ফলে দীর্ঘ বিরতির পর খনি এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এই ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খনি কর্তৃপক্ষ। বর্তমানে খনির মজুত ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা সংরক্ষিত রয়েছে।

খনি সূত্র জানায়, ভূগর্ভের পুরোনো ১৩০৯ নম্বর ফেইজের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই পুরোনো ফেইজটি থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বন্ধ থাকা দুই মাস জুড়ে পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেইজে স্থাপনসহ নানা ধরনের কারিগরি কাজ সম্পন্ন করা হয়।

এসব প্রস্তুতিমূলক কাজ শেষ হলে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা তোলা হয়। এরপর শুক্রবার থেকে পুরোদমে উৎপাদন শুরু করায় বড়পুকুরিয়া খনির সামগ্রিক কয়লা উৎপাদন কার্যক্রমে আবারও গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।