৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

Published: October 19, 2026, 11:05 am

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। ইশরাক জানিয়েছেন, এদিন দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তার এই সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষকে উল্লাস করতে দেখা গেছে। তাদের উদ্দেশে ইশরাক আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে জাতীয় কোনো সংকটে বা আন্দোলন-সংগ্রামে এই সুশীল সমাজ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসে সক্রিয় অংশগ্রহণ করবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এখন থেকে একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে তিনি কাজ করতে চান। তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা নেওয়ার অঙ্গীকার করে বলেন, এবার মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। তার ভাষ্যমতে, দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন জেলা সফর করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে তিনি সক্রিয় থাকবেন বলেও পোস্টে উল্লেখ করেন।