৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, সমিতি: বিএনপির এমপি

Published: October 19, 2026, 8:05 pm

জামায়াতে ইসলামী সাধারণ মানুষের জন্য কাজ করে না দাবি করে বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, এই দলটিকে কোনো রাজনৈতিক দল বলা চলে না; এটি মূলত একটি সমিতি। দলের নির্দিষ্ট কিছু কর্মী ছাড়া সাধারণ মানুষ কোনো সহযোগিতা পায় না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না।

সোমবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলার মোট ২৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এই সংসদ সদস্য। এ সময় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে উল্লেখ করে খোকন তালুকদার জানান, স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। উপজেলার প্রতিটি মণ্ডপে গিয়ে তারা ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা তাদের কাছে পেয়ে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। পর্যায়ক্রমে সব মন্দির ও মণ্ডপ পরিদর্শন করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।