৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি যুক্ত করল সরকার

Published: October 20, 2026, 7:53 pm

প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের দুর্ভোগ লাঘবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি যুক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ট্রলিগুলো হস্তান্তর করেন। তিনি জানান, প্রবাসীদের সেবায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যায়ক্রমে মোট ২০০টি ট্রলি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে ২৫টি করে মোট ৫০টি ট্রলি পাঠানো হয়েছিল।

জাপানে কর্মী পাঠানোর পদ্ধতিতেও বড় ধরনের সংস্কার আসছে। প্রচলিত টেকনিক্যাল ইন্টার্নশিপের বদলে এখন থেকে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করা হবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশি কর্মীদের জাপানের স্থানীয় শ্রমিকদের সমান আইনি সুরক্ষা দেবে। নতুন এই ব্যবস্থায় নারী ও পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ এবং মাতৃত্বকালীন বৈষম্য রোধের মতো বিষয়গুলো গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে মন্ত্রী জানান, ভুক্তভোগীদের মধ্যে একজন প্রবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ করতে গিয়েছিলেন। তাঁদের বাড়ি যথাক্রমে বগুড়া ও কুমিল্লায়। আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

অন্যদিকে, সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও কথা বলেছেন মন্ত্রী। তিনি জানান, প্রকৃত ঘটনা ও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সরকারিভাবে এই চিঠির জবাব পাওয়ার পরপরই বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।