৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

Published: October 22, 2026, 8:31 pm

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা ও সরবরাহের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত বুধবার (২১ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল। পরবর্তীতে সেখানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এলাকার জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মণ্ডল (৩২)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে নতুন করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।