
ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ বিষয়ে বিএনপি ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নথিপত্র প্রকাশ্যে এনেছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে রিজভী অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপপ্রচার ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছেন। নতুন করে অরাজকতা তৈরির চেষ্টা হলে দেশের মানুষ তা কোনোভাবেই গ্রহণ করবে না বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে বিরোধী পক্ষের উস্কানিতে না দিয়ে সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বিএনপির এই নেতা উল্লেখ করেন, বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের সঠিক নীতি বাস্তবায়নেরই প্রমাণ। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





