৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে আটক দুই

Published: October 24, 2026, 3:34 pm

চুয়াডাঙ্গা জেলায় অভিনব কৌশলে জ্বালানি তেল নিয়ে অর্থ পরিশোধ না করে পালানোর চেষ্টাকালে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের শান্ত রহমান (২০)।

ঘটনার বিবরণ দিয়ে চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক ও জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফ জানান, রাত ৯টা ৪৮ মিনিটে ওই দুই ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে তাঁর পাম্পে আসেন। সেখানে ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে কৌশলে পাম্প কর্মচারীকে অন্য কাজে ব্যস্ত রেখে তাঁরা দ্রুত পালিয়ে যান। এরপর রাত ১০টা ২৫ মিনিটের দিকে তাঁরা চুয়াডাঙ্গা–ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে গিয়ে একই কায়দায় আবারও ১ হাজার ৭৫০ টাকার তেল নেন।

তসলিম আরিফ আরও জানান, চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে ঘটনার পরপরই বিষয়টি হাইওয়ে ফিলিং স্টেশনে সতর্কবার্তা হিসেবে জানিয়ে রাখা হয়েছিল। পাশাপাশি সরোজগঞ্জ এলাকার পাম্প মালিককেও বিষয়টি জানানো হয়। ফলে হাইওয়ে ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পালানোর সময় আগে থেকেই তৎপর থাকা ফিলিং স্টেশনের লোকজন তাঁদের ধাওয়া করেন। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মালিকপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।