
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আমানগণ্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চালাচ্ছিল। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধার হওয়া শাড়িগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।





