
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের একটি রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে পীরগঞ্জের ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে। সেখানে মন্দির পরিদর্শনের সময় এমপি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম ঘোষণা করেন এবং উপস্থিত লোকজনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
দুই মিনিটেরও বেশি সময়ের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, এমপির রাজনৈতিক বক্তব্যের সময় পাশে বসে থাকা ইউএনও গোলাম রব্বানী সরদার দফায় দফায় হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন। একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, এভাবে লিখে দিন যে ইউএনও এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যে সরকারই ক্ষমতায় থাকুক, আমি সেই দলেরই নেতা। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’ এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। ভিডিওতে তাকে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে করতালি দিয়ে সমর্থন জানাতেও দেখা গেছে। এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই।
নিজের বক্তব্যের এই অংশটি ভিডিও ক্লিপ করে প্রচার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনি শুধু এই অংশটুকুই বের করুন এবং লিখে দিন যাতে আমি সারা দেশে ভাইরাল হই। আমি ভাইরাল হতে চাই।’ তিনি দাবি করেন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সব কাজ তাকে সংসদ সদস্যের নির্দেশনায় করতে হয় এবং এ সংক্রান্ত চিঠিও তার কাছে রয়েছে। এছাড়া তিনি সচিব, ডিসি কিংবা বিভাগীয় কমিশনারের ওপরও দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন।
ইউএনওর এই বিতর্কিত আচরণের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে এমপির রাজনৈতিক বক্তব্যে এভাবে হাততালি দিতে পারেন? বিশেষ করে যেখানে এমপি নিজেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করছেন, সেখানে ইউএনওর এমন অতিউৎসাহী সমর্থন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।





