১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনওকে দায়ী করে স্ট্যাটাস: জামালগঞ্জের এসিল্যান্ড প্রত্যাহার

Published: October 25, 2026, 10:16 pm

ইউএনওকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জামালগঞ্জে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’। এর কিছুক্ষণ পরেই ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে দ্বিতীয় একটি পোস্ট দেন তিনি। প্রশাসনিক কর্মকর্তার এমন বার্তা নিমেষেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে দাবি করেন, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। এর পরপরই এসিল্যান্ডের আইডি থেকে বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নেওয়া হলে স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।