১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের উদ্ধার অভিযান সমাপ্ত

Published: October 26, 2026, 4:41 pm

সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দীর্ঘ ১৯ ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ খুঁজে পায়। জিসান গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা’ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবার আলীর ছেলে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান জানান, রোববার চার বন্ধু মিলে ঢাকা থেকে এনায়েতপুরের ‘গোলামের হোটেলে’ খাবার খেতে এসেছিলেন। খাওয়া শেষে যমুনায় গোসল করতে নামলে জিসান পানিতে তলিয়ে যান। স্থানীয় জেলে ও সঙ্গীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর বেলকুচি ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় জিসানের মরদেহ উদ্ধার সম্ভব হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানিয়েছেন, খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণের জন্য ঘটনাস্থলে এসেছেন। মর্মান্তিক এই ঘটনায় শিক্ষার্থী জিসানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার দিন রোববার রাতেই জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিহতের স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছেন। এদিকে বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজন ও পরিবারে চরম শোকের ছায় নেমে এসেছে।