
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পর্যটক দলের দুই সদস্য নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে মাওয়া পুরাতন ঘাট সংলগ্ন পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. মারুফ এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল। তারা দুজনই ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) এবং চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) সঙ্গে প্রতিষ্ঠানটির মোট ৮ জনের একটি দল মাওয়া পদ্মা সেতু এলাকায় ভ্রমণে আসে। এই পর্যটক দলে আরও ছিলেন রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২) এবং নিখোঁজ রাসেল ও মারুফ। ঘুরতে ঘুরতে তারা চরের পথ ধরে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছান এবং সবাই মিলে নদীতে গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে পানির তোড়ে মারুফ ও রাসেল ভেসে গিয়ে নিখোঁজ হন। তবে তাদের সঙ্গে থাকা অন্য ছয় সদস্য কোনোক্রমে সাঁতরে তীরে উঠে নিজেদের প্রাণ রক্ষা করতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে জোরদার উদ্ধার তৎপরতা শুরু করেছে।
উদ্ধার অভিযানের বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর পাওয়া মাত্রই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত পৌঁছায় এবং পদ্মায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। নিখোঁজ পর্যটকদের সন্ধান না পাওয়া পর্যন্ত এই তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে। অন্যদিকে নৌ পুলিশ জানিয়েছে, পুরো উদ্ধার কাজ শেষ হলে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে প্রদান করা হবে।





