২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে গ্রামীণ খেলায় মেতে উঠলেন নানা বয়সী মানুষ

Published: November 8, 2026, 5:05 pm

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে গত রোববার বসেছিল গ্রামীণ খেলাধুলার এক মিলনমেলা। দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় আয়োজিত এই উৎসব ছিল স্থানীয়দের জন্য এক আনন্দের উপলক্ষ। গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে এই গ্রামে হারিয়ে যেতে বসা দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা ও প্রচার চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা।

দিনব্যাপী এই আয়োজনে চোখ বেঁধে হাঁস ধরা ছিল অন্যতম প্রধান আকর্ষণ। চোখে কাপড় বাঁধা প্রতিযোগীরা হাঁস ধরতে গিয়ে দিকভ্রান্তের মতো ছুটলে দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। এছাড়া পিচ্ছিল ও তৈলাক্ত কলাগাছ বেয়ে ওপরে ওঠার প্রাণান্তকর চেষ্টায় প্রতিযোগীদের বারবার পিছলে পড়ার দৃশ্য উপস্থিত দর্শকদের দারুণ আনন্দ দেয়। পাশাপাশি পানিতে বালিশ যুদ্ধ, হাঁড়িভাঙা, সাঁতার, বিস্কুট দৌড়, মার্বেল দৌড় এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, মধ্যবয়সী এমনকি প্রবীণ ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বয়সের ব্যবধান ভুলে এই প্রতিযোগিতামূলক পরিবেশ পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়ক মকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এবং দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবীসহ অন্যরা।

আলোচনা পর্বে বক্তারা বর্তমান প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, জুয়া, মুঠোফোনে আসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। আয়োজকেরা জানান, গ্রামবাংলার শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে ভবিষ্যতেও এই আয়োজন আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। খেলাধুলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।