২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

Published: November 10, 2026, 3:05 pm

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আইনি ব্যাখ্যা প্রদান করেন। আমিনুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, তাহলে বাংলাদেশ সরকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট কীভাবে ইস্যু করবে।

চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে যদি দুই বছর বা তার বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত হন, তবে কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট ইস্যু করতে পারে না।

এছাড়া নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধানও আইনে রয়েছে।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত, যা আইনি পরিভাষায় নৈতিক স্খলন বা ‘মোরাল টারপিটিউড’ হিসেবে গণ্য হয়। তাই পলাতক দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারের সঙ্গে এক ধরণের মকারি বা প্রহসনের শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তিনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে আসতে চাইতেন, তবে চলমান বিচারিক প্রক্রিয়াতেই নিজেকে হাজির করতেন। এছাড়া রায় প্রকাশের পর আপিল করার জন্য ৩০ দিনের আইনি সময়সীমা থাকলেও তিনি তা করেননি। বর্তমানে সেই সময় অতিক্রান্ত হওয়ায় রায় কার্যকর হওয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো আইনগত বিকল্প নেই। তার যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন। চিফ প্রসিকিউটর বলেন, আইনে বলা আছে রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না।

এদিকে, শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর বিষয়টি কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারত থেকে এই আবেদন করা হয়েছে। তবে হাইকমিশন সূত্রে জানা গেছে, ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমতিপত্র ছিল না। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে।

নিজের কার্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে পারেন। সেখানে তিনি উল্লেখ করতে পারেন যে, এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটিই হবে তার দেশে ফেরার একমাত্র সঠিক আইনি পথ। উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান।

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে শোনা যায় শেখ হাসিনা হঠাৎ দেশে ঢুকে পড়বেন কিংবা বহর নিয়ে পদ্মা সেতু হয়ে চলে আসবেন। এসব বক্তব্যকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন আমিনুল ইসলাম। তার মতে, একটি বিশেষ গোষ্ঠী শেখ হাসিনার নাম ব্যবহার করে সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কিছু অবুঝ অথবা নির্বোধ কর্মী নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা করেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পুনরায় জোর দিয়ে বলেন, আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তির জন্য পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার সরকারের নেই। তাই আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে পাসপোর্টের বিষয়ে কোনো নাটকের সুযোগ নেই। মামলার রায় কার্যকর করাই এখন একমাত্র আইনি বাস্তবতা।