২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচারকে রাজনীতি বা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

Published: November 13, 2026, 1:35 pm

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারের রাজনীতির জায়গা এই দেশে আর হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা সম্ভবত এদেশের জনগণকে এখনো ভালোভাবে চিনতে পারেননি। তিনি জানান, সাম্প্রতিক বোমা হামলার ঘটনার সাথে জড়িতদের অনেকেই ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং সরকারের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, আমরা কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নিইনি বা গুমের রাজনীতির আশ্রয় নিইনি। এছাড়া পুলিশ বাদী হয়ে গায়েবি বা মিথ্যা মামলা দায়ের করার যে পুরনো সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসার সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারের সমালোচনা নয়, বরং মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা-ও গণমাধ্যমে উঠে আসা প্রয়োজন। তবে সরকারের কাজে কোনো ভুল বা নেতিবাচক দিক থাকলে তা তুলে ধরার পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত আস্থার জায়গা ধরে রাখার ওপর জোর দিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান হলুদ সাংবাদিকতা এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের উচিত সত্যের পক্ষে দাঁড়িয়ে মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম ধরা। সাংবাদিকতা হলো সাধারণ মানুষের ভরসার একটি স্থান। যখন মানুষ কোনো জায়গা থেকে প্রতিকার পায় না, তখন তারা গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে এই আস্থা বজায় থাকে এবং পেশাটি আরও সম্মানজনক অবস্থানে পৌঁছায়। আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আইনমন্ত্রী বলেন, ওভারনাইট যদি মনে করেন যে, আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।