৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

Published: September 21, 2026, 4:55 pm

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ভোর ৪টা থেকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিচ্ছিন্ন এই দ্বীপে অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে কোস্ট গার্ডের এই দলটি সেখানে পৌঁছায়।

আটককৃতরা হলেন—চর মোজাম্মেলের বাসিন্দা আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। কোস্ট গার্ডের ভাষ্যমতে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

অভিযানে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।