নেত্রকোণার বারহাট্টায় যত্রতত্র দোকানে বিক্রয় করা এলপিজি গ্যাস সিলিন্ডারের মান পরীক্ষার নির্দেশ দিয়েছেন নেত্রকোণা- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বৃ-কালিকা গ্রামে গ্যাস-সিলিন্ডার বিস্ফোরনে ক্ষতিগ্রস্থ মিন্টু চন্দ্র বিশ্বাসের (৪৪) বাড়ি পরিদর্শনে এসে তিনি প্রশাসনকে এই নির্দেশ দেন।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বৃ-কালিকা গ্রামের মিন্টু চন্দ্র বিশ্বাসের বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন ঘটে। এতে তার একমাত্র বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং স্ত্রী শিউলী রানী বিশ্বাস (৪০) দগ্ধ হয়ে মৃত্যূবরন করেন।
ওইদিন বিস্ফোরনের পর পরই আগুনে সমস্ত ঘর ছেয়ে যায়। ঘটনার সময় শিউলী রানী বিশ্বাস রাতের খাবার রান্না করছিলেন। সাথে তার দুটি শিশু-সন্তান ছিল। ওদের ঘর থেকে বের দিতে সক্ষম হলেও নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন তিনি। তার সমস্ত শরির আগুনে পুড়ে যায়। পরে ১৫ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যূবরন করেন তিনি।
আজ পরিদর্শনকালে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাছ আলীসহ দলের নেতা-কর্মী ও মিন্টু চন্দ্র বিশ্বাসের দুই মা-হারানো শিশু-সন্তানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে মিন্টু চন্দ্র বিশ্বাসের হাতে ঢেউটিন ও নগদ অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
সংসদ সদস্য বলেন, সিলিন্ডারের নিম্নমান ও মেয়াদোত্তীর্ণের কারণে অনেক সময় বিস্ফোরনের ঘটনা ঘটে। প্রশাসন ও পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, যত্রতত্র বিভিন্ন দোকানে অন্যান্য সাধারণ পণ্যের মতো এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রয় করা হচ্ছে। এগুলো কোথা হতে কীভাবে আনা হচ্ছে, কীভাবে সংরক্ষণ ও বিক্রয় হচ্ছে, সিলিন্ডারের মান ও মেয়াদ ঠিক আছে কি-না তা টেস্ট করে দেখতে হবে। এ সময় মিন্টু চন্দ্র বিশ্বাসকে বর্ধিত সহযোগিতার কথাও ঘোষনা করেন তিনি।





