৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

Published: September 23, 2026, 12:35 am

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় নেতা দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেছেন। বিশেষ করে, নতুন নতুন ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। অধিবেশনস্থলে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং পরে তিনি বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের এই আলোচনা সভায় যোগ দেন।

অধিবেশনটির সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন। এবারের অধিবেশনে বৈশ্বিক সংঘাত নিরসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।