১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠন

Published: September 26, 2026, 1:41 pm

পুলিশ বাহিনীতে নতুন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা ও স্ক্যামভিত্তিক অপরাধ দমনেই মূলত এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে আধুনিক অপরাধের বড় একটি অংশজুড়ে রয়েছে সাইবার স্পেস। বিভিন্ন দেশের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক জায়গায় সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধের হার ৪৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এই বাস্তবতা মাথায় রেখেই বাংলাদেশ পুলিশে বিশেষায়িত এই ইউনিট গড়ার পরিকল্পনা করা হয়। তিনি বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’।

ইউনিটের প্রশাসনিক কাঠামোর বিষয়ে মন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় পদের ব্যবস্থা না থাকলে নতুন করে একজন অতিরিক্ত আইজিপি (অ্যাডিশনাল আইজিপি) পদ সৃষ্টি করা হবে। এছাড়া রাজধানীসহ সব মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা বিস্তার করা হবে। কয়েক সপ্তাহ আগেই এ সংক্রান্ত প্রকল্প প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে। জটিল ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে।