১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী অপশক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: September 26, 2026, 9:03 pm

বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তির রাজনীতি করার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে এবং অতীতে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস রচনা করেছে। ভারত সরকার এখনো এর কোনো জবাব দেয়নি। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে এবং দেশে ফিরে সুষ্ঠু ন্যায়বিচার সম্পন্ন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছর ধরে দেশে যারা অমানবিক কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বর্তমানে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করা এই আবেদনে সাজাপ্রাপ্ত আসামি ও তার সহযোগীদের দ্রুত হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।