১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক কারণে প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি

Published: September 27, 2026, 1:39 pm

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ থাকলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ওসি জাহাঙ্গীর আলম ইতিমধ্যে দায়িত্ব হস্তান্তর করেছেন। গত শনিবার রাতেই তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করেন। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে শাহ আলী থানা অবস্থিত হওয়া সত্ত্বেও হামলা চলাকালে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পেরেছিল কিনা, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের কারও কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা নিয়ে একটি তদন্ত চলমান রয়েছে।