১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় ট্রেন-হ্যান্ডট্রলির সংঘর্ষঃ হ্যান্ডট্রলি চালক নিহত

Kongsotime

Published: October 1, 2026, 12:49 am

মোঃ জিয়াউল হক

নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের সাথে হ্যান্ডট্রলির সংঘর্ষে মোঃ নাজমুল হক (২৪) নামের এক হ্যান্ডট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল-রুটের  উপজেলার বড়ী রেলক্রসিংয়ের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ নাজমুল হক এলাকার অতিথপুর গ্রামের মোঃ শামছুল হকের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ী রেলক্রসিং পার হওয়ার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের সঙ্গে হ্যান্ডট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হ্যান্ডট্রলি চালক নাজমুল হকের। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ট্রেনের ধাক্কায় হ্যান্ডট্রলির বিভিন্ন অংশ এদিক-সেদিক ছিটকে পড়ে।

‎এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বলেন, “মহুয়া কমিউটার ট্রেনের সঙ্গে হ্যান্ডট্রলির সংঘর্ষে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

‎মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, “নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।”