২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ পোশাক কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

Published: November 14, 2026, 2:35 pm

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকদের চলমান কর্মবিরতি ও অসন্তোষের জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে মালিকপক্ষ এলাকাটির ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকালে সংশ্লিষ্ট কারখানাগুলোর ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ৮টি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে মালিকপক্ষ ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে এবং ৮টি কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানাগুলো কবে নাগাদ পুনরায় চালু হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।