২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় সরকারী রাস্তা দখলে নিয়ে চাষাবাদ, বিপাকে ২০টি পরিবার

Kongsotime

Published: November 14, 2026, 4:14 pm

নেত্রকোণার বারহাট্টায় প্রশাসনের লোকদের যোগসাজশে একটি সরকারী রাস্তা বেদখলের অভিযোগ উঠেছে আয়নাল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৪নভেম্বর) বারহাট্টা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই অভিযোগ জানান উপজেলার আসমা গ্রামের মাহাবুবসহ অন্যরা। আয়নাল হক একই গ্রামের বাসিন্দা। সম্মেলনে ভোক্তভোগী পরিবার সমূহের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এলাকাবাসির পক্ষে ভোক্তভোগী কামরুল ইসলাম একটি লিখিত অভিযোগ পেশ করেন। অন্যান্যের মধ্যে রোজি বেগম, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন-  আমাদের গ্রামে একটি সরকারী হালট আছে। এই হালটটিকে আমরাসহ এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। এই রাস্তাটিকে আয়নাল হক ব্যক্তিগতভাবে দখল করে নিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। তিনি এখন ওই রাস্তার উপর শস্যের আবাদ করছেন এবং শষ্য রক্ষায় বেড়া দিয়েছেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের হাটবাজারে যাওয়া-আসা সম্ভব হচ্ছে না। শিশুরা স্কুলে যেতে ভোগান্তি পোহাচ্ছে। রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। এ ব্যপারে এলাকার মুরুব্বিদের নিয়ে দেনদরবার করে লাভ হয় নাই। পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হয়। আশানুরূপ সুফল পাওয়া যায় নাই। প্রশাসনের লোকজন একদিন গিয়ে লাল নিশান টানায়। তারা চলে যাওয়ার পরপরই আয়নাল হক ওইসব নিশান উপরে ফেলে দেয়।

বক্তারা আরো অভিযোগ করেন-  এই ঘটনায় ভূমি অফিসের সার্ভেয়ার শাহ আলমের যোগসাজশ আছে। আয়নাল হক সবাইকে বলে বেড়ান যে, সার্ভেয়ার তাকে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তাটি দখলমূক্ত ও সকলের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন তারা।