১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ২৬ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত

Published: November 3, 2026, 1:07 pm

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের আঘাত হেনেছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলায় অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন আঞ্চলিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত চালানো ধারাবাহিক এসব হামলায় অন্তত ২৬টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সামরিক অবকাঠামোসহ কয়েকশ কোটি ডলারের আর্থিক লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুয়েতে এক ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয় মার্কিন সেনা।

হামলার কৌশল বিশ্লেষণে দেখা যায়, ইরান প্রথমে যুক্তরাষ্ট্রের রাডার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। কুয়েতের ক্যাম্প আরিফজান ও বাহরাইনের নৌ-সহায়তা কেন্দ্রের রাডার কাঠামো অকেজো করার পর মার্কিন বাহিনীর বিমান রাখার হ্যাঙ্গার, গুদাম ও সেনাদের আবাসনগুলোতে হামলা চালানো হয়। কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প বুয়েরিং ঘাঁটিতে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া সৌদি আরব, জর্ডান ও কাতারে থাকা মার্কিন স্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মার্কিন ১৫টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় একটি নজরদারি বিমান ও দুটি জ্বালানি সরবরাহকারী বিমান অকেজো হয়ে পড়ে। এছাড়া কুয়েতে এক ড্রোন হামলায় ছয় মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন ও মার্কিন সামরিক বাহিনী অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে, তবে স্বাধীন বিশ্লেষণে এই বড় ধরনের আঘাতের চিত্রটি স্পষ্ট হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তাদের বেশ কিছু সামরিক সরঞ্জাম ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কম খরচের ড্রোনের মুখে মার্কিন সামরিক বাহিনীর এমন বিপর্যয় আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতাকে সামনে এনেছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্থায়ী অবকাঠামোর ওপর নির্ভরতার দিন শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।