২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যু: উত্তেজনা কমাতে জি-৭ সম্মেলনে কাতারের নতুন উদ্যোগ

Published: November 13, 2026, 6:35 pm

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে আয়োজিত জি-৭ সম্মেলনে অংশ নিয়ে তিনি অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলন চলাকালে কাতারের প্রধানমন্ত্রী ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানির প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেন। একইসাথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানা গেছে।

প্যারিস থেকে আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড জানান, ১০ নভেম্বর মঙ্গলবার ট্রাম্পের সাথে সাক্ষাতের পর কাতারের প্রধানমন্ত্রীর প্রধান উদ্দেশ্য ছিল জি-৭ সদস্য রাষ্ট্রগুলোর কাছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবস্থান স্পষ্ট করা। ইরানকে কেন্দ্র করে যাতে সংঘাতের বিস্তার না ঘটে এবং উত্তেজনা দ্রুত প্রশমিত হয়, সেটিই তার আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

উল্লেখ্য, ট্রাম্পের সাথে কোনো বিদেশি নেতার এটিই ছিল প্রথম বৈঠক। ফলে মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী অবস্থান ও বার্তা নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল ছিল। বৈঠক শেষে ট্রাম্পের কণ্ঠে কিছুটা নমনীয় সুর লক্ষ্য করা গেছে, যা জি-৭ অংশীদার দেশগুলোর কাছে বেশ তাৎপর্যপূর্ণ। ইরান ইস্যুটির প্রভাব এখন আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই; এর রাজনৈতিক ও অর্থনৈতিক অভিঘাত বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে কাতারের মধ্যস্থতার বার্তা জি-৭ দেশগুলোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল।