
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একদল প্রতারক অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্প্রতি তাদের নজরে এসেছে যে, কতিপয় ব্যক্তি ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ এর নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে যে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এই কর্মসূচির কোনো পর্যায় বা ঋণের প্রতিশ্রুতি দিয়ে কাউকে কোনো প্রকার অর্থ প্রদানের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
এ ধরনের ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থাটি। ‘উদ্যোগ’ প্রকল্পের সব কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। তাই বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশের তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করেছে। এই তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচিটি বাস্তবায়ন করছে। কর্মসূচির নীতিমালা অনুযায়ী, একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। উভয় অংকের অর্থ একসঙ্গে বিতরণ করার নিয়ম রয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচির নীতিমালা জারি করার পর প্রথম ধাপে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। এরপর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রান্তিক ও উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে যথাযথ সহায়তা ও অর্থায়ন দেওয়াই এই সরকারি উদ্যোগের মূল লক্ষ্য।





