২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার ব্যবসায় নারীদের জয়জয়কার, তালিকায় শীর্ষে ভারতের তিন নারী

Published: November 12, 2026, 11:05 pm

প্রযুক্তি ও ব্যবসা খাতে নিজেদের অবস্থান ক্রমেই জোরদার করছেন এশিয়ার নারী উদ্যোক্তারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও উন্নত প্রযুক্তি অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতের পাশাপাশি ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো প্রচলিত শিল্পেও এখন সফল নেতৃত্বের স্বাক্ষর রাখছেন তাঁরা। এই সফল নারী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীদের মধ্য থেকে ২০ জন প্রতিনিধিকে নিয়ে ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস এশিয়া। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক ব্যবসা প্রসারে অগ্রণী ভূমিকা রাখায় ১২টি দেশ ও অঞ্চলের এই ২০ জন নারীকে নির্বাচন করা হয়েছে।

প্রকাশিত তালিকায় সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে ভারতের। দেশটির তিন নারী এই তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপান থেকে দুজন করে নারী উদ্যোক্তা ও নির্বাহী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও একজন করে নারী এই সম্মানে ভূষিত হয়েছেন।

তালিকায় থাকা নারীদের কাজের ক্ষেত্র বিশ্লেষণে দেখা যায়, চারজন সরাসরি এআই অবকাঠামো ব্যবসার চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। সেমিকন্ডাক্টরের অতিসূক্ষ্ম যন্ত্রাংশ উৎপাদন থেকে শুরু করে ডেটা সেন্টারের আধুনিক ফাইবার-অপটিক্যাল প্রযুক্তি তৈরিতে তাঁরা গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে, তালিকায় থাকা চারজন নারী তাঁদের প্রসাধনী ও খুচরা পণ্য বিক্রি ব্যবসা দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে সফলভাবে সম্প্রসারণ করেছেন।

এআই ডেটা সেন্টারের বিশ্বস্ত যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইওয়ানের জেপিসি কানেক্টিভিটির প্রতিষ্ঠাতাও একজন নারী—জেসিকা চ্যাং। তাঁর তৈরি এই সরঞ্জামগুলো এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে চ্যাংয়ের প্রতিষ্ঠানের নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে, আর এই সময়ে কোম্পানিটির মোট আয় হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ডলার।

তাইওয়ানের আরেক সফল ব্যবসায়ী অড্রে সাইয়ের নেতৃত্বাধীন আইটিইকিউ এআই ডেটা সেন্টারের জটিল সার্কিট বোর্ডের জরুরি কাঁচামাল বা উপকরণ তৈরি করছে। তাঁর কৌশলী পরিচালনায় কোম্পানিটির বর্তমান বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৬১ কোটি ডলারে। চলতি বছরের প্রথমার্ধেই এই প্রতিষ্ঠানটি ৪ কোটি ৮৭ লাখ ডলার নিট মুনাফা হিসাবভুক্ত করেছে।

চীনের পেং লি ও চেন ওয়েইলিয়াং ২০২০ সালে যৌথভাবে প্রতিষ্ঠা করেন মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস। প্রতিষ্ঠানটি মূলত জটিল এআই মডেল চালানোর জন্য প্রয়োজনীয় বিশেষ চিপ ও সফটওয়্যার তৈরি করে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে তাদের রাজস্ব আয় ১২৮ শতাংশ লাফিয়ে ৪২ কোটি ডলারে পৌঁছায় এবং এই সময়ে তারা ৯ কোটি ৫৮ লাখ ডলার নিট মুনাফা অর্জন করেছে।

প্রযুক্তি খাতে আলো ছড়ানো চীনের গুয়াংডং ডিটেক টেকনোলজির প্রধান ও প্রতিষ্ঠাতা ওয়াং সিনও এআই চিপ সংযোজন এবং সার্কিট বোর্ড তৈরির কাজে ব্যবহৃত অতিসূক্ষ্ম ড্রিল বিট উৎপাদনে আধিপত্য দেখাচ্ছেন। ২০২৬ সালের প্রথম ৯ মাসে তাঁর প্রতিষ্ঠানের নিট মুনাফা চার গুণেরও বেশি বেড়ে ১৬ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে, যখন আয় বৃদ্ধির হার ছিল প্রায় ১৫০ শতাংশ।

আর্থিক খাত ও ব্যাংকিং সেক্টরেও এশিয়ার নারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন আনা মারিয়া আবোইতিজ ডেলগাদো। তাঁর দক্ষ পরিচালনায় পরিচালিত ব্যাংকটি ২০২২ সালে ১৩০ কোটি ডলার বিনিয়োগে সিটিব্যাংক ফিলিপাইনের কনজিউমার ব্যাংকিং বিভাগটি কিনে নেয়। বর্তমানে ১ কোটি ৯৫ লাখ গ্রাহক ও ১ হাজার ৮ ৯০ কোটি ডলারের মোট সম্পদের এই ব্যাংকটি চলতি বছরের প্রথম ৯ মাসে ১৫ কোটি ৫৪ লাখ ডলার নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৫৩ শতাংশ বেশি। ব্যাংকটির সম্পদের মূল্য ১ হাজার ৮৯০ কোটি ডলার।

ইন্দোনেশিয়ার ডিজিটাল ব্যাংকিং খাতে আলো ছড়াচ্ছেন বিসিএ ডিজিটালের প্রধান নির্বাহী ল্যানি বুদিয়াতি। তাঁর নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়ে ১ কোটি ১৮ লাখ ডলারে দাঁড়িয়েছে এবং ৩১ লাখ গ্রাহকবিশিষ্ট এই ব্যাংকের ঋণ বিতরণও উল্লেখজনক হারে বেড়েছে।

অস্ট্রেলিয়ান রিটাইয়ারমেন্ট ট্রাস্ট পরিচালনা করছেন ক্যাথি ভিনসেন্ট। এই প্রধান নির্বাহীর অধীনে বর্তমানে ২৪ লাখের বেশি গ্রাহক রয়েছেন এবং তহবিলের পরিচালনাধীন সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে সিঙ্গাপুরের এআইএ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী ওং সে কিডের দক্ষ পরিচালনায় ২০২৫ সালে বিমা কোম্পানির কর-পরবর্তী অপারেটিং প্রফিট ৫৬ কোটি ৩০ লাখ ডলারে উঠে আসে, যেখানে নতুন বিমা প্রস্তাব থেকে প্রত্যাশিত লাভ ১৪ শতাংশ বৃদ্ধি পায়।

সবুজ শক্তি ও প্রথাগত শিল্প খাতে থাইল্যান্ডের গুনকুল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নারুচন ধুমরংপিয়াওয়াত দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৫ সালে ২৫ কোটি ২০ লাখ ডলার আয় করা এই কোম্পানিটি চারটি দেশে সৌর ও বায়ুবিদ্যুৎ মিলে ১ হাজার ৬ ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ২০৩০ সালের মধ্যে এই খাতে ১১৯ কোটি থেকে ১৪৮ কোটি ডলার পর্যন্ত নতুন বিনিয়োগের বড় পরিকল্পনা রয়েছে তাঁদের। তাদের বিদ্যুৎ সক্ষমতা ১ হাজার ৬২৯ মেগাওয়াট।

ভারতের সুন্দরম ফাস্টেনার্সের ব্যবস্থাপনা পরিচালক আরতি কৃষ্ণা প্রচলিত গাড়ির খুচরা যন্ত্রাংশের পাশাপাশি উড়োজাহাজ, সামরিক যানবাহন এবং বায়ুবিদ্যুৎ খাতের যন্ত্রাংশ তৈরিতে প্রতিষ্ঠানের ব্যবসা জোরদার করেছেন। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে তাঁর কোম্পানির সর্বমোট আয় ছিল ৬৭ কোটি ৯০ লাখ ডলার এবং নিট মুনাফা বেড়ে হয় ৬ কোটি ২৯ লাখ ডলার।

বায়ো-প্রযুক্তি খাতে সাফল্য দেখাচ্ছেন দক্ষিণ কোরিয়ার স্যামসাং বায়োএপিসের প্রধান নির্বাহী কিম কিয়ং-আহ। ২০২৫ সালে তাঁর অধীনে কোম্পানির আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২০ কোটি ডলারে পৌঁছেছে এবং একই সময়ে নিট মুনাফা ৩৭ শতাংশ লাফিয়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৮০ লাখ ডলারে।

সৌন্দর্য চর্চা ও প্রসাধনী শিল্পে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের মীরা কুলকার্নি। তাঁর প্রতিষ্ঠিত ‘ফরেস্ট এসেনশিয়ালস’ ২০০০ সালে মাত্র ২ হাজার ১৩৪ ডলার দিয়ে শুরু হলেও আজ দেশ-বিদেশে প্রায় ২০০টি বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অলিভ ইয়ংয়ের সিইও লি সান-জং দেশটিতে ১,৪০০টি বিক্রয়কেন্দ্র পরিচালনার পাশাপাশি বিশ্ববাজারে ব্যবসা ছড়িয়ে দিচ্ছেন; ২০২৫ সালে তাঁর প্রতিষ্ঠানের আয় ছিল ৫৯০ কোটি ডলার এবং নিট মুনাফা ছিল ৪১ কোটি ডলার। আবার কেউ পুরুষপ্রধান শিল্পে নেতৃত্ব দিয়ে বদলে দিচ্ছেন ব্যবসার বিদ্যমান ধারণা। এসব নারীর কেউ পারিবারিক ব্যবসার হাল ধরেছেন, কেউ শূন্য থেকে নিজস্ব উদ্যোগ ও মালিকানায় গড়ে তুলেছেন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান।

বিশ্বখ্যাত রিটেইল প্রতিষ্ঠান এএস ওয়াটসনের প্রধান নির্বাহী মালিনা এনগাই হংকং থেকে ৩১টি দেশের বাজারে ১৭ হাজারের বেশি স্টোর সামলাচ্ছেন। ২০২৫ সালে ২,৭০০ কোটি ডলার আয় করা এই প্রতিষ্ঠানটি এ বছর নতুন ১ হাজারটি স্টোর খুলতে ৪৯ কোটি ডলার বিনিয়োগ করছে। হংকংয়ের ঐতিহ্যবাহী বেরজায়া গ্রুপের সিইও নেরিন ট্যান ব্যবসা পুনর্গঠনের মাধ্যমে লোকসান কমিয়ে ৮ কোটি ৩৪ লাখ ডলারে নামিয়ে এনেছেন, যদিও শেষ অর্থবছরে আয় ৪.১ শতাংশ কমে ২২১ কোটি ডলার হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্যবসা প্রসারিত করছেন থাইল্যান্ডের বেরলি জুকারের প্রধান নির্বাহী থাপানি তেচাজারিওনভিকুল। ২০২৫ সালে ৫০০ কোটি ডলার আয়ের তথ্য উল্লেখ করে তিনি ২০৩০ সালের মধ্যে কোম্পানির মোট আয়ের ৩০ শতাংশ বৈদেশিক বাণিজ্য থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

হংকং এয়ারপোর্ট অথরিটির প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ভিভিয়ান চেউং একটি দৃষ্টান্তমূলক পরিচালনা গড়ে তুলেছেন। তাঁর তত্ত্বাবধানে ২০২৫ সালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রায় ৬ কোটি ১০ লাখ যাত্রী যাতায়াত করেছেন এবং ওই অর্থবছরে বিমানবন্দরটির আয় ১১ শতাংশ বেড়ে ২২৯ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া, জাপানের স্বনামধন্য নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কাগা ইয়ানাগিসাওয়াও নিজ প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী রূপান্তর ও ব্যবসায়িক বৃদ্ধিতে অনুকরণীয় ভূমিকা রেখে চলেছেন।