১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্টিতে কেন্টের হয়ে খালেদের দুর্দান্ত বোলিং, পেলেন ৩ উইকেট

Published: September 25, 2026, 7:38 pm

কাউন্টি মৌসুমের শেষ ম্যাচে ক্যান্টাবুরিতে নেমেছে কেন্ট। আগামী মৌসুমে প্রথম বিভাগে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার শুরু হওয়া গ্লস্টারশায়ারের বিপক্ষে এই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। তিনি ১১ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন। খালেদের পাশাপাশি ম্যাট মিলনেস ৪ উইকেট নিয়ে গ্লস্টারশায়ারকে মাত্র ২২৯ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন। গ্লস্টারশায়ার তাদের ইনিংস শেষ করেছে ৬৯.৫ ওভারে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বড়সড় অবদান রেখেছেন খালেদ। খালেদের ৩ উইকেট শুধু যে গ্লস্টারশায়ারকে তাড়াতাড়ি গুড়িয়েই দিয়েছে এমন নয়, পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

খালেদের শিকার করা তিন ব্যাটারের মধ্যে রয়েছেন দারুশ আহমেদ, সাই কিশোর এবং চে সিমন্স। বিশেষ করে দারুশ ও কিশোরকে পরপর দুই ওভারে ফিরিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। এই বোলিং নৈপুণ্যের কারণে কেন্ট বোনাস পয়েন্ট হিসেবে ৩ পয়েন্ট অর্জন করেছে, যা তাদের প্রমোশনের লড়াইয়ে বেশ এগিয়ে দিয়েছে। কাউন্টির নিয়ম অনুযায়ী ১১০ ওভারের মধ্যে প্রতিপক্ষকে অলআউট করতে পারায় এই সুবিধা পেয়েছে দলটি।

পয়েন্ট টেবিলে বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেন্ট। তাদের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। কেন্টের চেয়ে নর্দাম্পটনশায়ারের জয় দুটি কম হওয়ায় পয়েন্ট সমান হলেও এগিয়ে আছে কেন্টই। গ্লস্টারশায়ারের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ট ৫ উইকেট হারিয়ে ২৬ রানের লিড নিয়েছে।

অন্যদিকে, নর্দাম্পটনশায়ারের পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়েছে। প্রথম ইনিংসে তারা মাত্র ১০৩ রানে অলআউট হয়ে গেছে। জবাবে মিডলসেক্স ২৫৫ রান সংগ্রহ করে ১৫২ রানের লিড নিয়েছে। সব মিলিয়ে কেন্ট তাদের প্রমোশনের লক্ষ্য পূরণে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।