১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুচো চিংড়ির লাল ঝাল ভুনা রাঁধবেন যেভাবে

Published: October 2, 2026, 7:23 pm

বর্ষা শেষে খাল-বিল ও জলাশয়ে পানি কমার সঙ্গে সঙ্গে দেশি কুচো চিংড়ির দেখা মেলে। সহজলভ্য এই চিংড়ি দিয়ে দারুণ স্বাদের লাল ঝাল ভুনা তৈরির রেসিপি দিয়েছেন শাহনাজ সেতু। শুরুতে চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। চাইলে মাছগুলো হালকা ভেজেও নেওয়া যায়, তবে পেঁয়াজ দিয়ে দীর্ঘ সময় ধরে ভুনা করলে না ভেজে রান্না করলেও স্বাদ চমৎকার হয়। বর্ষা শেষ হওয়ার পর গ্রামবাংলার খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে ধীরে ধীরে পানি কমতে শুরু করে।

প্রস্তুত প্রণালির জন্য কড়াইয়ে শর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। টমেটো নরম হয়ে এলে মরিচ গুঁড়া যোগ করুন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে ধনে, জিরা ও সামান্য হলুদ গুঁড়া অল্প পানিতে কষিয়ে নিন।

মসলা কষানো হলে মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে দিন। মসলার সঙ্গে চিংড়ি ভালোভাবে মিশিয়ে কম আঁচে ৫ থেকে ৭ মিনিট ভুনা করতে হবে। রান্নার পর্যায়ে তেল মসলা থেকে আলাদা হয়ে এলে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করুন কুচো চিংড়ির এই সুস্বাদু ভুনা।