
কাতারে নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা ও চুক্তিভঙ্গের দায়ে এক কোম্পানি এবং দুই ব্যক্তির করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। ক্যাসেশন কোর্ট এই আবেদন নাকচ করে পূর্বের দেওয়া রায়ই বহাল রেখেছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত অপর এক কোম্পানিকে সর্বমোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই টাকার মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছিল। বাদীপক্ষ চুক্তির শর্তানুযায়ী তাদের সব আর্থিক বাধ্যবাধকতা পূরণ করে এবং নির্দিষ্ট কিস্তিতে অর্থ পরিশোধ করে আসছিল। কিন্তু অভিযুক্ত কোম্পানিটি নির্ধারিত মান বজায় রেখে কাজ শেষ করতে ব্যর্থ হয় এবং মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।
পরবর্তীতে বিষয়টি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে গড়ায়। একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কোম্পানিটি চুক্তি বাতিল ও অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল দাবি করে। সেই সঙ্গে ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণও চাওয়া হয়। আদালত পর্যালোচনা করে নিশ্চিত হন যে, বাদীপক্ষ সব নিয়ম মানলেও অভিযুক্ত কোম্পানি চুক্তি অনুযায়ী সময়সীমা ও কাজের মান রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এই রায়ের প্রেক্ষিতে প্রথম ইন্সট্যান্স আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষতিপূরণসহ অর্থ পরিশোধের আদেশ দেন। সেই রায় আপিল আদালতে বহাল থাকার পর সর্বশেষ ক্যাসেশন কোর্টের মাধ্যমে এটি চূড়ান্ত হলো।





