১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র: রুশ কর্মকর্তা

Published: September 29, 2026, 10:21 pm

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক ও রাজনৈতিক প্রস্তুতির মাধ্যমেই বড় সংঘাতের পূর্বাভাস পাওয়া গিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

সোফিয়া কুতেপোভা বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা ইরান পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তিনি তার পুনরাবৃত্তি করছেন। সংঘাতের ঘটনায় রাশিয়া গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। বিশেষ করে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের এক নৃশংস হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ছিল।

কূটনৈতিক দায়িত্ব পালনের পূর্বে রাশিয়ার সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতিতে ইরান প্রমাণ করেছে যে, তারা প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী রাষ্ট্র। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরানকে সহজ কোনো লক্ষ্যবস্তু হিসেবে পাওয়া যায়নি। দেশটিকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনার সময় কুতেপোভা গুরুত্বারোপ করেন তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য সত্যনিষ্ঠ হওয়া জরুরি এবং দর্শকদের কাছে নির্ভুল তথ্য পৌঁছাতে ফ্যাক্ট-চেকিংয়ের কোনো বিকল্প নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।