১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি ঘোষণা

Published: September 26, 2026, 9:34 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের ২০২৬-২৭ সেশনের জন্য এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় এই কমিটিতে হাসান ইনাম সভাপতি এবং মুঈনুদ্দিন গাউছ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে বিগত সকল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি দারুননাজাত থেকে পাস করা সাবেক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের সদস্য ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার যেসব সিনিয়র শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তারাও এই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। দারুননাজাত একটি আদর্শ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান।

নবনির্বাচিত সভাপতি হাসান ইনাম সংগঠনটির লক্ষ্য নিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে দাঁড়ানো এবং তাদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, ইসলামি জ্ঞান, মূল্যবোধ ও মুসলিম সংস্কৃতির চর্চা ও প্রসারে তারা বিশেষ গুরুত্ব দেবেন। আগামী এক বছরে নানামুখী সৃজনশীল ও অর্থবহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটিকে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই যাত্রায় তিনি সংগঠনের সাবেক দায়িত্বশীল, বর্তমান সদস্য এবং পৃষ্ঠপোষকসহ সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সাধারণ সম্পাদক মুঈনুদ্দিন গাউছ বলেন, প্রতিবছর দারুননাজাত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এসব শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ। দারুননাজাতের আদর্শিক শিক্ষার চেতনা ধারণ করেই তারা কাজ করে যেতে চান। মূলত শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে কেন্দ্র করেই আগামী এক বছরের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন বছরে বিভিন্ন শিক্ষামূলক, ক্যারিয়ারভিত্তিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে। তাদের যাবতীয় সমস্যা সমাধান ও পরবর্তী গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করবো। আমরা সেই আদর্শেই পরিচালিত হতে চাই।