১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার দেহ

Published: October 29, 2026, 12:49 pm

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহসিফ সৌরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার বসবাস করতেন। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার উড়োজাহাজে পালানোর ভিডিও ধারণ ও তা প্রচারের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত তাহসিফ সৌরির বাবার নাম কে এম এনায়েত হেলাল। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।