
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধায় পুলিশ অফিসার পদে নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (ডিসিএএস) ২০২৬-২৭ সালের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে ৭৩১১ থেকে ৭৩২২ পর্যন্ত মোট ১২টি পরীক্ষার নম্বর উল্লেখ রয়েছে। সর্বশেষ ধাপের পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা হবে ২০২৭ সালের ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে। নিয়োগের প্রথম ধাপে কম্পিউটারভিত্তিক বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৯৪২ ডলার। চাকরির অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি পাবে এবং সাড়ে পাঁচ বছর পর বার্ষিক বেতন ১ লাখ ৯ হাজার ৩৫২ ডলারে গিয়ে ঠেকতে পারে। আবেদনের সময় প্রার্থীকে ফি হিসেবে ৮২ ডলার ৭৫ সেন্ট জমা দিতে হবে, যা মূলত ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ নেওয়ার জন্য ব্যবহৃত হবে। যোগ্য সামরিক চাকরির অভিজ্ঞতা থাকলে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যেতে পারে।
আবেদনের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট শর্তাবলি রয়েছে। প্রার্থীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। নিয়োগের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর ৬ মাস এবং সর্বোচ্চ ৪৩ বছরের নিচে হতে হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের দিন বয়স ১৭ বছর পূর্ণ থাকলেই চলবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের সনদের পাশাপাশি স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অন্তত ২৪ সেমিস্টার ক্রেডিট সম্পন্ন থাকতে হবে, যেখানে সম্মিলিত জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মার্কিন শিক্ষাব্যবস্থার সঙ্গে সমমান নির্ধারণের জন্য মূল্যায়ন প্রয়োজন হবে। আবেদনকারীর বৈধ ও শর্তহীন নিউইয়র্ক স্টেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষায় যৌক্তিক বিশ্লেষণ, তথ্য মনে রাখা, সমস্যা শনাক্ত করা, স্থানিক ধারণা এবং ইংরেজি লিখিত বিষয়বস্তু বোঝার দক্ষতা যাচাই করা হবে।
চাকরির দায়িত্বের মধ্যে রয়েছে এলাকা টহল দেওয়া, অপরাধ প্রতিরোধ ও তদন্তে সহায়তা করা, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার, সড়ক দুর্ঘটনা বা যেকোনো জরুরি অবস্থায় সাড়া দেওয়া এবং প্রয়োজনে আদালতে সাক্ষ্য প্রদান করা। নিয়োগের পর ২৪ মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন শারীরিক সক্ষমতা, দৌড়, গাড়ি চালানো এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। উল্লেখ্য, শর্ত পূরণ সাপেক্ষে নিউইয়র্ক সিটির বাসিন্দারা পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার বিশেষ সুযোগ পাবেন। চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল ২৪ মাস। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে নিউইয়র্ক সিটি অথবা নাসাউ, ওয়েস্টচেস্টার, সাফোক, অরেঞ্জ, রকল্যান্ড কিংবা পুটনাম কাউন্টির বাসিন্দা হতে হবে। অপরাধের রেকর্ড, চরিত্র, চিকিৎসাগত সক্ষমতা, মনস্তাত্ত্বিক উপযুক্ততা, শারীরিক সক্ষমতা ও মাদক পরীক্ষার ফলও নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হবে।





