১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেশোয়ারে স্কুল ভবন ধসে ৩০ জনের প্রাণহানি

Published: October 15, 2026, 1:54 pm

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ধসে বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। মৃতদের মধ্যে অন্তত ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। আকস্মিক এই ধসে অন্তত ২০ শিশু আহত অবস্থায় উদ্ধার হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ও নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৮ জন শিক্ষার্থীর মৃতদেহ লেডি রিডিং হাসপাতালে এবং অন্য দুটি মরদেহ নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে এক নারী শিক্ষকের মরদেহও হাসপাতালে পৌঁছায়। লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ জানায়, নিহত ২৮ শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা ড. মিয়ান সাঈদ নিশ্চিত করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছিল। ঘটনার পর পুলিশ স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তিনি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে স্কুলটি পরিচালনা করছিলেন। এদিকে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে কর্তৃপক্ষ। প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।