২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে অপমানের অভিযোগে গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ডাক

Published: November 8, 2026, 10:05 pm

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও আপত্তিকর আচরণের অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। রোববার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ লাইনস রোডে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা আসে। সমাবেশ থেকে তার আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেই সময় পরীমনি তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবি, শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা ও এক হাত অকেজো ওই সাংবাদিককে পরীমনি গালিগালাজ করেছেন এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন অশালীন স্পর্শের অভিযোগ তুলেছেন। সাংবাদিক নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুক্ত সাংবাদিকতার পরিবেশ নষ্ট করে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ না পরীমনি এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ তাকে সার্বিকভাবে বয়কট করা এবং তার সংক্রান্ত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। কর্মসূচিতে শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ জেলার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলার প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

সাংবাদিকদের প্রতিবাদের আঁচ পড়েছে চট্টগ্রামের একটি আয়োজনেও। আগামী ২৮ নভেম্বর নগরীর খুলশীতে আয়োজিত ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর খালেদ সুমন জানান, ঘটনার আগে পরীমনির সঙ্গে চুক্তি হলেও সাংবাদিক মহলের প্রতিবাদ ও অনুরোধের প্রেক্ষিতে তাকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন এই অভিনেত্রী। আদালতকেন্দ্রিক বিভিন্ন বিতর্কিত ও উচ্ছৃঙ্খল আচরণের ঘটনায় পরীমনি এর আগেও বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।