৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ওপর হামলার তীব্র নিন্দা জানালো কাতার

Published: October 19, 2026, 6:57 pm

সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে কাতার। সৌদি আরবের নিরাপত্তা কাতার তথা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত বলে পুনর্ব্যক্ত করেছে কাতারের মন্ত্রিসভা।

দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বারবার হামলার তীব্র নিন্দা জানানো হয়। কাতার একে সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক অখণ্ডতা ও বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। রিয়াদের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি কাতারের পূর্ণ সমর্থন বজায় থাকবে বলেও বৈঠকে নিশ্চিত করা হয়।

বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত শূরা কাউন্সিলে মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া ভাষণকে সরকারি কর্মকাণ্ড ও মন্ত্রণালয়ের কাজের প্রধান দিকনির্দেশনা হিসেবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের অধীনে থাকা শিশুদের অধিকার এবং ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত নতুন খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনগুলো আগামী ১০ দিন কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত থাকবে, যা ২০২৫-২০৩০ সালের সামাজিক কৌশলের অংশ।

পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতার এনার্জির যৌথ প্রস্তাবনায় তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ ব্যবস্থাপনা ও সুরক্ষাসংক্রান্ত একটি নতুন নির্দেশিকা নীতিগতভাবে পাস করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বেঁধে দেওয়া কঠোর মানদণ্ড অনুযায়ী তেজস্ক্রিয় উপাদানের পরিবহন, ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এছাড়াও বৈঠকে কাতার ও আর্মেনিয়ার মধ্যকার বিচারিক সহযোগিতা এবং কাতার ও বাহরাইনের মধ্যে পরিবহন ও লজিস্টিকস সেবাসংক্রান্ত বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক অনুমোদিত হয়েছে।