
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির নিরাপত্তা বিঘ্নিত হওয়া পুরো জাতির জন্য উদ্বেগের বিষয়। ইতিমধ্যে ঘটনাটি তদন্তে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত তথ্য দিয়ে জানান, গত ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটি ভারত সীমান্ত থেকে প্রায় ৭.৪ কিলোমিটার দূরে অবস্থিত। টিনশেড আধা-পাকা ওই বাড়িতে কেউ স্থায়ীভাবে বসবাস করতেন না। সেখানে কেবল কিছু আসবাবপত্র ও দুটি ছাগল ছিল। তবে ২০ মিটার দূরেই সংসদ সদস্যের বাবা-মা একটি তিনতলা ভবনে থাকেন। খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিজিবি সদস্যরা।
তদন্তের প্রাথমিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য এবং আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও এমন কোনো তথ্য দিতে পারেননি। বাড়িটি পুরনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেয়ারটেকারের জুতো তৈরির সরঞ্জাম, কিছু কাপড় এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি অধিকতর তদন্তে নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তিনি সংসদকে অবহিত করেন।





