২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির

Published: November 14, 2026, 11:35 am

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি তরলীকৃত গ্যাসবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। আইআরজিসির ভাষ্যমতে, জাহাজটি নৌপথের একটি অননুমোদিত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভোরে ট্যাংকারটি নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। এসময় জাহাজটির অবস্থান শনাক্ত ও পরিচয় জানানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ ছিল। যদিও এর আগে জাহাজটিকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল, তবে তা উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছে নৌবাহিনী।

বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এভাবে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে যেকোনো ট্যাংকার একই ধরনের পরিণতির শিকার হতে পারে। নৌমাইন ও সংশ্লিষ্ট এলাকার ঝুঁকির বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করেছে। এর আগেও বিভিন্ন সময় সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও নিয়মিত বিরতিতে ট্যাংকার পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট জাহাজ মালিকদের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি।

তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম, মালিকানা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জাহাজটি চিহ্নিত করার বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।