
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আগ্রাসন রুখতে ইয়েমেনে বড় ধরনের সামরিক সহায়তার হাত বাড়িয়েছে পাকিস্তান। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন এডেন বন্দরে এরই মধ্যে চারটি কার্গো বিমানে করে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, পাঠানো এসব সরঞ্জামের তালিকায় রয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি হালকা ধরনের কামান, ড্রোন এবং ড্রোন বিধ্বংসী প্রযুক্তিও এই সামরিক বহরের অন্তর্ভুক্ত। লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে হুথিদের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থির। সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের দমনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি জোটের যুদ্ধবিমানগুলো হুথিদের বিভিন্ন আস্তানা ও লক্ষ্যবস্তু চিহ্নিত করে প্রায় ৯৪টি বিমান হামলা চালিয়েছে। মূলত হুথিদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং সরকারি বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই পাকিস্তান এই সামরিক সরঞ্জাম সরবরাহ করল।





