১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

Published: October 4, 2026, 3:55 pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। এই সফরের অন্যতম লক্ষ্য হলো সংঘাত নিরসনে যারা কাজ করছেন, তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা। কাতারে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, এই সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদও ভ্রমণ করবেন। মারফি নিজেকে বর্তমান যুদ্ধ পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যে সফরকারী প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে অভিহিত করেছেন।

সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন মারফি। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোতে যুদ্ধের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা সরেজমিনে পরিদর্শন করা। তার ভাষ্যমতে, যুদ্ধের এই তীব্র মুহূর্তে যুক্তরাষ্ট্রের দুই দলের সিনেট সদস্যদের সরাসরি অঞ্চলে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যুদ্ধের সামগ্রিক প্রভাব ও সংঘাত অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে কাতার ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা।

সবশেষে, মারফি ইঙ্গিত দিয়েছেন যে, চলমান পরিস্থিতি বিবেচনায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতিমালা নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তিনি মনে করেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির সঠিক মূল্যায়ন অপরিহার্য। এই সফরের মাধ্যমে তিনি যুদ্ধের বাস্তবতা ও আঞ্চলিক প্রেক্ষাপট সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছেন।