২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ ফি বাড়ানোর প্রস্তাব

Published: October 8, 2026, 11:06 am

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তাদের অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার লক্ষ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে। বুধবার প্রকাশিত এক সরকারি নোটিসে বলা হয়েছে, এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা যদি দেশটিতে হাতে-কলমে কাজের প্রশিক্ষণ বা ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) নিতে আগ্রহী হন, তবে তাদের নির্দিষ্ট অনুমোদিত প্রতিষ্ঠানকে এখন থেকে ৭০ হাজার ডলার ফি দিতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের গুনতে হবে আরও ৩০ হাজার ডলার। অথচ বর্তমানে এই ওপিটি প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের মাত্র ৫০০ ডলার খরচ করতে হয়। ডিএইএসের দেওয়া নতুন প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি দেশটিতে কাজ করতে চায়, তাহলে তাদের প্রশিক্ষণ ফি বাবদ অন্তত ৭০ হাজার ডলার পরিশোধ করতে হবে।

ডিএইচএসের দাবি অনুযায়ী, প্রস্তাবিত এই ফি বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো অভিবাসন খাতে জালিয়াতি কমানো, ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। উল্লেখ্য, ওপিটি সুবিধার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনারত অবস্থায় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং স্নাতক সম্পন্ন করার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

অনেকের কাছেই ওপিটি হলো পরবর্তীতে এইচ-১বি ভিসার মাধ্যমে স্থায়ী চাকরির সুযোগ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বাড়তি ফি ও বিধিনিষেধ আরোপের নজির রয়েছে। এই নতুন প্রস্তাবটি নিয়ে এখনই বিভিন্ন মহলে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা তৈরি হয়েছে। ডিএইচএস জানিয়েছে, প্রস্তাবিত নিয়মটির ওপর জনসাধারণের মতামত গ্রহণের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর করতে আরও ৬০ দিন অতিরিক্ত সময় রাখা হবে।