২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

Published: October 10, 2026, 9:30 pm

সংবিধান রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লড়াইয়ে আগামী ১২ অক্টোবর, সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ১০ অক্টোবর, শনিবার আলপ্পুঝায় এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এই আন্দোলনের ঘোষণা দেন। তিনি জানান, একই দিনে জোটের প্রতিনিধিরা ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, সংবিধানের সুরক্ষা ও জনগণের ভোটাধিকার রক্ষার এই চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর (সোমবার) রাজধানী দিল্লিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে ইন্ডিয়া জোট। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমত লকডাউন জারি করেছে ভারত সরকার। বন্ধ করে দিয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। নির্বাচনি প্রক্রিয়া ও ব্যবস্থা সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোট তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন এই কংগ্রেস নেতা।

সংবাদ সম্মেলনে বেণুগোপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সরকার চালাচ্ছে, তা অনভিপ্রেত। কংগ্রেস নেতার ভাষায়, একজন নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, বর্তমানে প্রধানমন্ত্রী মোদির আচার-আচরণ বিশ্লেষণ করলে মনে হয় তিনি রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

কেরালা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেণুগোপাল বলেন, সেখানে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার বিরুদ্ধে কংগ্রেস অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি অভিযোগ করেন যে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করতে মাঠে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। সরকারের এসব পদক্ষেপের প্রতিবাদেই এই বড় আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। সম্প্রতি এই ইস্যুতে নিজেদের উদ্বেগ জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জোটের নেতারা।