২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বন্ধ সব ফ্লাইট

Published: October 10, 2026, 10:41 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিমানবন্দরের অভ্যন্তরে বিস্ফোরণের পরপরই মেঝেতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ১২টিরও বেশি অ্যাম্বুলেন্সকে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরটির বিভিন্ন অংশ থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সৌদি সরকারের মিডিয়া অফিস বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এতে বহু মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী দুজন এবং এ বিষয়ে অবগত আরও দুজনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বিস্ফোরণ ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। এর আগে অপর এক হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন, এমনকি একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে অথবা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে এয়ারলাইনসগুলোর সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে। এদিকে নিরাপত্তার অভাবে রিয়াদগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। একইসাথে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও তাদের হাব থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।