
মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ১২টি দেশে নিয়োজিত মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে যৌথভাবে এই জরুরি ভ্রমণ সতর্কতা জারি করা হয়। গত ১৯ অক্টোবর সোমবার জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরো নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যেসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে সেগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, কাতার, ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে এসব দেশে থাকা মার্কিন মিশনগুলো একযোগে বিজ্ঞপটি প্রকাশ করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েল— এই ১২ দেশের মার্কিন দূতাবাস এই বিবৃতি দিয়েছে। নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আপাতত এসব দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ, যেমন- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে ইরান-সমর্থিত হুতি বাহিনীর দ্বারা সৌদি আরবে চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চালানো আক্রমণগুলো সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ভ্রমণ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে। মার্কিন মিশনগুলো ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে বলেছে, ফ্লাইট নির্ধারিত সময়েই চলবে- এমনটা ধরে না নিয়ে বরং এয়ারলাইন্স বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত ১২টি দেশে বর্তমান পরিস্থিতিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত সচেতন থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতির যেকোনো আকস্মিক পরিবর্তনের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখা, বিমান চলাচলের খবরাখবরের দিকে নজর রাখা এবং আঞ্চলিক মার্কিন মিশনগুলোর নির্দেশনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পরামর্শ প্রদান করা হয়েছে।
জরুরি সেবা ও প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সেবা ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ বা ‘স্টেপ’ (STEP)-এ নাম নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস ও মিশনগুলোর পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





