
প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে কাতার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গৃহীত নানা সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি।
বৈঠকে ২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত রাষ্ট্রের সাধারণ খসড়া বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। দেশটির সংবিধানিক নিয়মানুযায়ী এই খসড়া বাজেট চূড়ান্ত পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে শূরা কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত হয়। একই সাথে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সাথে সমন্বয় করে যৌথ মালিকানাধীন আবাসন বা প্রোপার্টি ব্যবস্থাপনা সুসংগঠিত করতে ২০২৬ সালের ১১ নম্বর আইনের (মালিক সমিতি আইন) বাস্তবায়ন বিধিমালার খসড়াও অনুমোদিত হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক কাতার সফর এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের ইতিবাচক ফলাফলকে স্বাগত জানায় মন্ত্রিসভা। এর মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব নতুন মাত্রায় পৌঁছেছে এবং অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে এতে উল্লেখ করা হয়।
এছাড়া, কাতার-সিঙ্গাপুর যৌথ কমিটির (HLJC) ৯ম বৈঠকের সফলতার প্রশংসা করে দুই দেশের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে মন্ত্রিসভা। একই সাথে গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (CICA) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের উপস্থিতি এবং আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সাথে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার সফলতা মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সভায় কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।
- বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক।
- কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
- কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি বা সিস্টারশিপ (Twinning) চুক্তি।
বৈঠকের শেষ পর্বে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি ওমান ক্লাইমেট উইকে কাতারের পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও অপরাধ বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসে বিচারমন্ত্রীর উপস্থাপিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে মন্ত্রিসভা।





