
সিঙ্গাপুর ও কাতার থেকে মোট ছয় জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাম্প্রতিক বৈঠকে এই আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদর তথা জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম দামে এই জ্বালানি কেনা হবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচটি এলএনজি জাহাজ কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে আনা হবে আরও এক জাহাজ এলএনজি। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১০ ডলার কম রাখা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের প্রস্তাব উপস্থাপন করে। আইন ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের সঙ্গে সরাসরি দর-কষাকষির প্রক্রিয়া শুরু হবে। এর অংশ হিসেবে স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিট স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছে।





