১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না

Published: October 26, 2026, 11:41 pm

ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই আলোচনার অর্থ এই নয় যে, ইউক্রেনে চলমান সামরিক অভিযান বা কার্যক্রম কোনোভাবে সীমিত করা হবে। ২৬ অক্টোবর, সোমবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ স্পষ্টভাবে জানিয়েছেন, আলোচনার টেবিলে বসা মানেই যুদ্ধক্ষেত্রে সামরিক অপারেশনের ওপর বিধিনিষেধ আরোপ করা নয়। তবে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে ভূখণ্ডগত ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। যদিও আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা বা বিস্তারিত বিষয় নিয়ে মস্কো আপাতত প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি নয়।

মানবিক উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এ ধরনের উদ্যোগগুলো ভবিষ্যতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। রাশিয়া এসব প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ইউক্রেনে মস্কোর সামরিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযানের ধরণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।